06/06/2026
ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এক উৎসবমুখর পরিবেশে "ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৬"-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
দেশের তৃণমূল পর্যায় থেকে ফুটবলের ভবিষ্যৎ তারকাদের তুলে আনার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ মাহফুজুল আলম খান এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ মাহবুবুর রহমান।
এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব আয়োজনের পেছনে রয়েছে একটি সুশৃঙ্খল ও দীর্ঘ পথপরিক্রমা। প্রথমে দেশের প্রতিটি জেলায় অত্যন্ত নিখুঁতভাবে প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর নির্বাচিত ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয় একটি নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প। সেখান থেকে বিভাগীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের এনে আরও উন্নত ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি বিভাগের জন্য চূড়ান্ত দল গঠন করা হয়েছে।
প্রতিটি বিভাগ থেকে নির্বাচিত এই ১৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে সবচেয়ে প্রতিভাবান এবং গতিশীল ৮ জনকে বাছাই করে পরবর্তীতে আয়োজন করা হচ্ছে একটি আকর্ষণীয় 'বীচ ফুটবল টুর্নামেন্ট'।
05/06/2026
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আজ চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম (সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম) পরিদর্শন করেন।
05/06/2026
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আজ চট্টগ্রামে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে 'শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬' এর উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী,এমপি এবং পার্বত্য চট্টগ্রাম ও ভূমি মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
05/06/2026
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আজ পটিয়া উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক এমপি উপস্থিত ছিলেন।
03/06/2026
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ঢাকা, ০৩ জুন ২০২৬
নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ২-১ গোলের দারুণ জয়ে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বিগত দুই আসরের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালেও মেয়েরা তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে এবং দেশের জন্য আরও একটি গৌরবময় ট্রফি বয়ে আনবে।
অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের নারী ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে বারবার তাদের যোগ্যতা ও সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন। নেপালের বিপক্ষে এই রোমাঞ্চকর জয় কেবল তাদের কঠোর পরিশ্রম এবং ম্যাচ জয়ের অদম্য মানসিকতারই বহিঃপ্রকাশ নয়, বরং এটি পুরো দেশের জন্য এক বিশাল গর্বের মুহূর্ত। তিনি দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই অনবদ্য সাফল্যের জন্য ধন্যবাদ জানান এবং তাদের আগামী দিনের পথচলার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে নারী ফুটবলের অগ্রগতিতে বরাবরের মতোই অত্যন্ত আন্তরিক। মাঠের এই ধারাবাহিক সাফল্য দেশের অন্যান্য নারী ক্রীড়াবিদদেরও দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে তিনি বিশ্বাস করেন। পরিশেষে, ফাইনালে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ফাইনালেও মেয়েরা এই জয়ের ধারা অব্যাহত রেখে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
03/06/2026
ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
বৃষ্টিতে ভিজে মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ফুটবল খেলায় উৎসাহ জুগিয়ে যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন, ফেনীর সেই প্রাথমিক স্কুল শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলি-র সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাক্ষাৎ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিশেষ নির্দেশনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আজ এই শিক্ষিকার সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী মহোদয় তাঁর পরিবারের খোঁজ নেন এবং ক্রীড়াঙ্গনে তাঁর এই অনন্য উদ্যোগকে একটি দারুণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। দেশের নারী ক্রীড়াচর্চাকে আরও এগিয়ে নিতে প্রতিমন্ত্রী সৈয়দা খালেদা আক্তার পলি-কে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাথে এবং ক্রীড়াঙ্গনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে কাজ করার প্রস্তাব দেন। সেই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে এবং তাঁর ফুটবল প্রেমী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
02/06/2026
বাংলাদেশ ফুটবলের বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ও টেকনিক্যাল কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো: আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
02/06/2026
শোক বার্তা
ঢাকা, ২ জুন ২০২৬
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজিমের মমতাময়ী মা বাসনা আজিম-এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য শিউলি আজিমের মাতা বাসনা আজিম-এর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। সন্তানের জীবনের প্রতিটি পদক্ষেপে মায়ের অবদান অনস্বীকার্য। শিউলি আজিমকে দেশের একজন শীর্ষস্থানীয় ফুটবলার হিসেবে গড়ে তোলার পেছনে তাঁর প্রয়াত মায়ের ত্যাগ ও অনুপ্রেরণা চিরস্মরণীয় হয়ে থাকবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন , মাতৃবিয়োগের এই কঠিন সময়ে শিউলি আজিম ও তাঁর পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠার মতো শক্তি যেন মহান আল্লাহ তায়ালা তাঁদের দান করেন। শিউলির এই গভীর দুঃসময়ে দেশের ক্রীড়াঙ্গন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁর পরিবারের পাশে রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
27/05/2026
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারক।