04/06/2026
বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত — মাওলানা জালালুদ্দীন আহমদ
আজ ৪ জুন, বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দেশের জনগণ যখন লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংকট ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে দিশেহারা, তখন কোনো কার্যকর গণশুনানি ছাড়াই বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর নতুন বোঝা চাপিয়ে দেওয়ার শামিল। এ সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে।
তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব কৃষি, শিল্প, পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়বে, ফলে মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। জনগণ স্বস্তি চাইলেও বারবার তাদের কাঁধেই অতিরিক্ত চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জনসেবামূলক খাতগুলোকে জনগণের কল্যাণের পরিবর্তে রাজস্ব আহরণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই বাণিজ্যিকীকরণ দেশের অর্থনীতি ও জনজীবনের জন্য ক্ষতিকর।
তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাতেও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে সৃষ্ট অস্থিরতা ও গ্রাহকদের উদ্বেগ দ্রুত নিরসন করা প্রয়োজন। আর্থিক খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
মহাসচিব বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী শাসনের সুবিধাভোগী বিভিন্ন গোষ্ঠী ও দোসরদের অপতৎপরতা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এসব তৎপরতার বিরুদ্ধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকা হতাশাজনক। এ ধরনের অপচেষ্টা ও সরকারের নির্লিপ্ততা অব্যাহত থাকলে দেশ যে কোনো সময় অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
তিনি অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত এবং ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বার্তা প্রেরক
হাসান জুনাইদ
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস
04/06/2026
বাংলাদেশ খেলাফত মজলিস বিজয়নগর উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ খেলাফত মজলিস বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে বিজয়নগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বিজয়নগর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমদ উল্লাহ, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুসসহ শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
03/06/2026
সিলেটে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার তরবিয়তি সফর অনুষ্ঠিত!
সিলেট সদরের জামিয়া কাজিরবাজার মাদরাসা মসজিদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার ত্রৈমাসিক তরবিয়তি সফর অনুষ্ঠিত হয়েছে।
দাওয়াত, সাংগঠনিক প্রশিক্ষণ ও আমলী প্রশিক্ষন এই তিন লক্ষ্যে আয়োজিত (৩১ মে থেকে ০২ জুন'২৬ ঈ) তিনদিনব্যাপি এ সফরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর (সাবেক এমপি) মাওলানা এডভোকেট শাহিনুর রহমান পাশা চৌধুরী, জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার নাজীমে তালীমাত মাওলানা শাহ্ মমশাদ আহমাদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবুল হাসান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা খবির উদ্দিন, প্রকাশনা বিভাগের সম্পাদক হাফেজ রবিউল ইসলাম।
তরবিয়তি সফরের সমাপনী অধিবেশনে হেদায়েতি বক্তব্য প্রদান করেন , বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয়উচ্চতর পরিষদ সদস্য মাওলানা সাদিক সালিম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি এন এ সিদ্দীক।
দোয়া পরিচালনা করেন সিলেট কাজিরবাজার জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা আব্দুর রহমান ইউসুফ।
সফরে বিষয়ভিত্তিক আলোচনা, গ্রুপ আলোচনা, নামাজের আমলী মশক, ইজতেমায়ী ও খুসুসী দাওয়াত ও স্থানীয়দের সাথে মতবিনিময় কর্মসূচী পালিত হয়।
30/05/2026
বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে গতকাল ২৯ মে শুক্রবার স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে এবং উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।
এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ সাদিক এবং জেলা প্রচার সম্পাদক মোল্লা মুহাম্মদ আনোয়ার হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দিন, বায়তুল মাল সম্পাদক হাফেজ কুতুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সহ-সভাপতি হাফেজ মাওলানা মুর্শিদুর রহমান, মাওলানা কাজী নজরুল ইসলাম, মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা বিলাল আহমদ, মাওলানা সালমানসহ উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
26/05/2026
সবুজবাগে যুব মজলিসের ঈদ সামগ্রী বিতরণ: বৈষম্যহীন সমাজ গঠনে খেলাফতের বিকল্প নেই—মাওলানা জাহিদুজ্জামান
ঢাকা, ২৬ মে ২০২৬ | নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সবুজবাগে অর্ধশত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ। আজ মঙ্গলবার বিকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের হাতে ঈদের এই উপহার তুলে দেওয়া হয়।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাহিদুজ্জামান বলেন, "ঈদের আনন্দ কেবল নির্দিষ্ট কোনো শ্রেণীর জন্য নয়। সমাজের সর্বস্তরের মানুষের মাঝে এই আনন্দ সমানভাবে ভাগ করে নিতেই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস।"
তিনি আরও বলেন, "আজ সমাজে যে চরম অর্থনৈতিক বৈষম্য আমরা দেখছি, তার মূল কারণ দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত নেই। পুঁজিবাদী ব্যবস্থার কারণে ধনী আরও ধনী হচ্ছে আর গরিব আরও পিছেয়ে পড়ছে। এই বৈষম্য দূর করে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে খেলাফত প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম হলেই সমাজের প্রতিটি নাগরিক তার প্রকৃত অধিকার ফিরে পাবে এবং সবাই মিলে আসল ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।"
এসময় তিনি বলেন, "এই ঈদ আমাদের ত্যাগ ও কোরবানির শিক্ষা দেয়। তাই ঈদ যেন শুধু ভোগ আর লৌকিকতার অনুষ্ঠানে পরিণত না হয়, সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে।"
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বায়তুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন, সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন,প্রকাশনা বিভাগের সম্পাদক মুহাম্মাদ রাশেদুল ইসলাম, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আল আমিন,সবুজবাগ থানার সভাপতি হাফেজ ওমর ফারুক, প্রশিক্ষন বিভাগের সম্পাদক হাফেজ রবিউল ইসলাম, বায়তুল মাল বিভাগের সম্পাদক আব্দুর রহমান ও প্রচার বিভাগের সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
26/05/2026
কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মহানগর উত্তর নেতৃবৃন্দ
গতরাতে কালশি বস্তিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শত শত বাড়িঘর পরিদর্শন করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী। তিনি আগুনে সম্পূর্ণ বিধ্বস্ত ও ছাইয়ে পরিণত হওয়া এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন, যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা সাজেদুর রহমান, পল্লবী থানা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান কাসেমী, পল্লবী থানার প্রচার সম্পাদক জনাব আমির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
25/05/2026
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের শুভেচ্ছা।।
টাঙ্গাইলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।
আজ ২৫ মে (সোমবার) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার শিক্ষা নিয়ে সমাগত হয়েছে। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর মহান কুরবানীর আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ন্যায়বিচার, মানবিকতা ও আল্লাহভীতির চর্চা জোরদার করার প্রেরণা জোগায়।
তারা বলেন, দেশের মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন ও কুরবানী পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ঈদযাত্রাকে নিরাপদ ও দুর্ভোগমুক্ত করতে সড়ক, মহাসড়ক, রেল ও নৌপথে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান।
নেতৃদ্বয় আজ ২৫ মে (সোমবার) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সারতৈল এলাকায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন শ্রমজীবী মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। তারা নিহতদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন, সড়ক নিরাপত্তার দুর্বলতা ও তদারকির ঘাটতির কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তারা আরও বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সামর্থ্যবানদের প্রতি কুরবানীর গোশত আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অভাবগ্রস্তদের মাঝে বণ্টনের আহ্বান জানান।
নেতৃদ্বয় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যা, ইরানসহ বিভিন্ন দেশে মুসলমানদের ওপর নির্যাতন এবং বিশ্বের নানা প্রান্তে মুসলিম উম্মাহর ওপর আগ্রাসন মানবতার জন্য লজ্জাজনক। তারা মজলুম মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
একইসঙ্গে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের কুরবানী আদায়ে বাধা, হয়রানি ও সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
নেতৃদ্বয় সৌদি আরবে হজ পালনরত বাংলাদেশিসহ বিশ্বের সকল হাজীর জন্য হজ্বে মাবরুর, সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করেন এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, তিনি যেন ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের তাওফিক দান করেন, দেশকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন এবং বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের সাহায্য ও মুক্তির ব্যবস্থা করেন।
বার্তা প্রেরক
হাসান জুনাইদ
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস
24/05/2026
বাংলাদেশ খেলাফত মজলিস উত্তরখান থানা কমিটি গঠন
গতকাল (২৩ মে) বাদ এশা, উত্তরখানস্থ একটি মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস উত্তরখান থানা কমিটি গঠন উপলক্ষে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলতি সেশনের দায়িত্ব পালনের জন্য ১৯ সদস্য বিশিষ্ট উত্তরখান থানা কমিটি গঠন করা হয়।
দায়িত্বশীল সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন এবং অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন।
24/05/2026
প্রেস বিজ্ঞপ্তি
‘বাংলাদেশে উন্নয়ন বাজেটের ৫০ পার্সেন্টই দুর্নীতিতে চলে যায়’
—মাওলানা ইউসুফ আশরাফ
২৪ মে ২০২৬: আজ রবিবার বিকেল ৩টায় ঢাকার পুরানা পল্টনস্থ ৫৯/৩/৩ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জাতীয় বাজেট ২০২৬-২৭ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবনা পেশ করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে সংগঠনের পক্ষ থেকে চলমান অর্থনৈতিক বাস্তবতা, বাজেট বাস্তবায়নে সুশাসনের প্রয়োজনীয়তা এবং জনকল্যাণমুখী বিকল্প অর্থনৈতিক কাঠামো নিয়ে বিস্তারিত প্রস্তাবনা ও সুপারিশমালা উপস্থাপন করা হয়।
সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন। তিনি বলেন, প্রস্তাবিত ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ হলেও জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর ও ন্যায়ভিত্তিক পরিকল্পনা ছাড়া শুধু বাজেটের আকার বৃদ্ধি কোনো সুফল বয়ে আনবে না। তিনি উচ্চ মূল্যস্ফীতি, ব্যাপক বেকারত্ব, রাজস্ব ঘাটতি, বিনিয়োগ স্থবিরতা ও বৈদেশিক ঋণের ক্রমবর্ধমান চাপকে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
প্রস্তাবনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাল, ডাল, তেল, চিনি, ডিম ও শিশুখাদ্যের উপর শুল্ক ও ভ্যাট হ্রাস, ওএমএস কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণ এবং মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একইসঙ্গে কৃষকের জন্য সরাসরি ভর্তুকি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থা ডিজিটালাইজেশনের সুপারিশ করা হয়।
তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্টার্টআপ উদ্যোক্তাদের কর অবকাশ, সুদমুক্ত ঋণ, আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে বিশেষ তহবিল এবং প্রতিটি বিভাগে “ডিজিটাল স্কিলস হাব” প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতে সহজ শর্তে অর্থায়ন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সুদমুক্ত ফাইন্যান্সিং চালুর প্রস্তাব করা হয়।
স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত ২.৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত, জেলা হাসপাতাল আধুনিকীকরণ, দরিদ্র জনগোষ্ঠীর জন্য জাতীয় স্বাস্থ্যবিমা চালু এবং জেনেরিক ওষুধ ব্যবহারে বাধ্যবাধকতার প্রস্তাব দেওয়া হয়। শিক্ষা খাতে জিডিপির ৪ শতাংশ বরাদ্দের রোডম্যাপ, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং AI-ভিত্তিক শিক্ষা সহায়তা চালুর সুপারিশ করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে ইসলামী অর্থায়ন কাঠামো প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করে। এ লক্ষ্যে সুকুক বন্ড চালু, সুদমুক্ত SME তহবিল গঠন, ওয়াকফভিত্তিক সামাজিক উন্নয়ন এবং যাকাতদাতাদের করছাড়ের প্রস্তাব উপস্থাপন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও দাবি জানানো হয় যে, শাপলা চত্বরের শহীদ পরিবার ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, মাসিক ভাতা, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সকল শহীদ পরিবারের জন্য “জাতীয় শহীদ কল্যাণ বোর্ড” গঠনের প্রস্তাব করা হয়।
সমাপনী বক্তব্যে সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেন, আমাদের বাজেট প্রস্তাবনা বাস্তবায়ন খুব সহজ যদি দুর্নীতি বন্ধ করা যায়। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। যদি এগুলো ফিরিয়ে আনা যায়, প্রণোদনা-ভর্তুকি দেওয়া খুব সহজ। বাংলাদেশে উন্নয়ন বাজেটের ৫০ পার্সেন্টই দুর্নীতিতে চলে যায়। ৫০ পার্সেন্টের কাজ হয় কিনা তারও সন্দেহ আছে। এজন্য আমরা চাই একটি দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক অর্থনৈতিক বন্টনের একটি বাজেট।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রকশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, আইন সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ আলম সিদ্দিকী, বাংলাদেশ যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ প্রমুখ।
বার্তা প্রেরক
আশরাফুল ইসলাম সাদ
সদস্য, কেন্দ্রীয় মিডিয়া সেল, বাংলাদেশ খেলাফত মজলিস